অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দাপটের সঙ্গে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ আগেই হেরে গেছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জিতে নেয় ৫ উইকেটে।
শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল রোববার মাঠে নামবে দুই দল। বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। অস্ট্রেলিয়া বাংলাদেশকে ধবলধোলাই করতে মুখিয়ে।
প্রথম দুই টি-টোয়েন্টিতে চোটের কারণে খেলতে পারেননি লিটন। শেষ টি-টোয়েন্টিতেও লিটন থাকবেন না। বাম পায়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় শেষ ম্যাচ থেকেও ছিটকে গেছেন এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, লিটনের পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় ২১ জুন চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে না। গত ১৪ জুন গ্রেড-১ প্লাস মাত্রার বাম কাফের চোটে পড়েন এই উইকেটকিপার-ব্যাটার। শেষ ম্যাচেও অধিনায়ককে না পাওয়ায় স্বাগতিকদের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
পুরোপুরি সেরে উঠতে আরও সময় প্রয়োজন লিটনের। তবে জিম্বাবুয়ে সিরিজে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই। আগামী ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ। লাল বলের এই ম্যাচের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।