সারা বাংলা

যশোর জাতীয় পার্টির আহ্বায়ক-সদস্য সচিবসহ ২৫ নেতার পদত্যাগ

জাতীয় পার্টির যশোর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের ২৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা এবং অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তারা শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ।

লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করতে এবং দেশের কল্যাণে কাজ করে আসছিলেন। সম্প্রতি দলের অভ্যন্তরে কোনো সাংগঠনিক শৃঙ্খলা অবশিষ্ট নেই। তদুপরি, কেন্দ্রীয় ও ঊর্ধ্বর্তন নেতৃবৃন্দের অসাংগঠনিক আচরণ ও স্বেচ্ছাচারী কার্যকলাপের কারণে এই দলটি দেশ ও জনগণের জন্য বর্তমান ও ভবিষ্যতে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না বলে তারা মনে করছেন।

এমন পরিস্থিতিতে নীতিগত অবস্থান থেকে তারা স্বেচ্ছায় জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আজ থেকে জাতীয় পার্টির সঙ্গে তাদের আনুষ্ঠানিক সব সম্পর্ক ছিন্ন হলো বলে ঘোষণা দেন।

জাতীয় পার্টির জেলা কমিটির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ বলেন, “যশোরে জেলা কমিটি সুসংগঠিত। তবে, কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিকে অবহিত না করে জেলায় একাধিক অনুষ্ঠান করে, এটা অপমানজনক। এমন পরিস্থিতিতে দলের সব পদপদবি থেকে আমরা পদত্যাগ করছি। আমাদের অন্য কোন দলে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।”

পদত্যাগকারী নেতারা হলেন- জাতীয় পার্টির জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মণিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, যশোর সদর উপজেলা সভাপতি মো. শফিয়ার রহমান, সহ-সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক ইমন হোসেন লাল্টু। 

আরো পদত্যাগ করেছেন- জেলা কমিটির সদস্য মোঃ. হাবিবুর রহমান হাবিব, মো. রুহুল আমিন লাভলু, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গনি সরকার, মাস্টার ফিরোজ, মণিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. বিল্লাল হোসেন, সদস্য মো. সাইফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, মণিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম ও জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।