সারা বাংলা

ওভারপাসে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত, মা-বাবাসহ আহত ৪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জালকুড়ি এলাকার ওভারপাসে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সিনথিয়া রহমান হুময়াইয়া নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা-বাবা ও ভাইসহ চারজন। শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে জালকুড়ি ওভারপাসের ওপরে দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মারা যাওয়া শিশুর বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা এবং ছোট ভাই আয়মান। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। আহত সিএনজিচালিত অটোরিকশা চালকের নাম জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটিতে থাকা শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন চারজন। পরে স্থানীয় জনতা প্রাইভেট কারের ভেতর থাকা দুইজনকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশ দেয় এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান বলেন, “প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সিনথিয়া নামে এক শিশু মারা গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। দুর্ঘটনা কবলিত দুইটি গাড়ি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”