সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির কড়া নজরদারি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে দেওয়া) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২০ জুন) ভোরে চৌকা সীমান্তের শূন্যলাইনে ঘটনাটি ঘটে। পুশইনের শিকার হওয়া ২০ জনের মধ্যে পাঁচজন পুরুষ, ১০ জন নারী এবং পাঁচজন শিশু।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানায়, ভোরে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/২ এস দিয়ে ভারতের বিএসএফের সদস্যরা ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ও বিজিবির সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন এবং অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির বাধার কারণে অনুপ্রবেশকারীরা ভারতের অভ্যন্তরে শুকদেবপুর এলাকায় অবস্থান করছে। 

এদিকে, ভারতের অভ্যন্তরে ওই ২০ জনের পাশে বিএসএফের সদস্যরা অবস্থানে করছেন। এছাড়াও সীমান্তের শূন্য লাইনে বিজিবিও কঠোর অবস্থানে রয়েছে। 

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “চৌকা বিওপির  সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির অবস্থানের কারণে জিরো লাইনে ভারতের অভ্যন্তরেই ওই ২০ জনকে প্রতিহত করা সম্ভব হয়েছে।”

এর আগে,  ১৫ জুন রাতে গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে আর ১২ জুন রাতে একই সীমান্ত দিয়ে নৌকাযোগে নারী-শিশুসহ ১৫ জনকে পুশইনের চেষ্টা করলে, সেটিও বিজিবি প্রতিহত করে। গত ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই ২৮ জন দুইদিন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন। পর তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।