সারা বাংলা

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত শিক্ষকের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর ডাক্তারপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মসলেম মন্ডল (৫৪) মারা গেছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাইয়ের মেয়ে বুলু খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২০) জুন তার জানাজা ও দাফন গ্রামের বাড়িতে সম্পন্ন হবে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিরোধপূর্ণ জমির ওপর অবস্থিত আমবাগানে আম পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মসলেম মন্ডলের ওপর হামলা চালায়। এতে তার বাম পা ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মসলেম মন্ডলকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের ভাতিজি বুলু খাতুন জানান, আত্মীয়-স্বজনদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও মসলেম মন্ডলের ওপর হামলা হয়েছিল এবং সেই ঘটনায় হওয়া মামলা এখনো আদালতে বিচারাধীন। একই বিরোধের জেরে এবার আম পাড়াকে কেন্দ্র করে ফের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মনজুরার রহমান জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে মরদেহ গ্রামের বাড়িতে না নিয়ে শুক্রবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে রাখা হয়। আজ শনিবার (২০ জুন) নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হবে।”

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনার দিন পরিবারের ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। আগের মামলাও চলমান রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”