সারা বাংলা

ব্রাজিলের প্রথম জয়ে হিলিতে সমর্থকদের উল্লাস

ফিফা বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের পর হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় দলটি। ব্রাজিলের এই দাপুটে জয়ে আনন্দে ভাসছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ব্রাজিল সমর্থকরা।

ব্রাজিলের খেলা উপলক্ষ্যে শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার হিলির গোডাউন মোড়ে বড় পর্দায় খেলা প্রদর্শনের আয়োজন করা হয়। খেলা শুরুর আগে থেকেই সমর্থকরা স্থানটিতে জড়ো হন ব্রাজিলের জার্সি এবং পতাকা হাতে। খেলা শুরুর পর প্রতিটি মুহুর্ত তারা উপভোগ করেন। এ সময় তারা আনন্দ-উল্লাস করেন। 

কয়েকজন ব্রাজিল সমর্থক জানান, ব্রাজিলের আজকের যে খেলোয়ার সিলেকশন এবং যে ফরম্যাট মেনে খেলেছে এটা এক কথায় দুর্দান্ত। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর আমরা আসলে কিছুটা হতাশই হয়েছিলাম। তবে, আজকে খেলায় হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় দলের এবং আমরা যারা সমর্থক আছি তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। 

তারা জানান, আগামী ম্যাচগুলোতেও ব্রাজিল এই ধারাবাহিকতা বজায় রাখবে। তারা বিশ্বাস করেন, এবার ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করবে।