ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল জরুরি বিভাগের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে হাসপাতালের জরুরি বিভাগের পেছনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ দেখতে পেয়ে ক্যাম্প পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে। তিনি সেখানেই ঘুমাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।”