ক্যাম্পাস

ইউএস নিউজ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রাবি

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-২৭-এ বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ৪৫ দশমিক ৫ স্কোর নিয়ে বৈশ্বিকভাবে ৬১২ তম এবং এশিয়ায় ১৭৬ তম অবস্থানে উঠে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে আগের বছরের তুলনায় পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

গত ১৬ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ সালের র‌্যাঙ্কিং থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, গত বছরের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। ২০২৫-২৬ সালের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ৪১ দশমিক ৩ স্কোর নিয়ে বৈশ্বিকভাবে ৬৩৮ তম এবং এশিয়ায় ৩৪২ তম অবস্থানে ছিল। সে সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ছিল রাবি। এবার স্কোর, বৈশ্বিক অবস্থান ও এশীয় র‌্যাঙ্কিং—সব ক্ষেত্রেই উন্নতি করেছে বিশ্ববিদ্যালয়টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৪৪ দশমিক ২ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অবস্থান ৬৭৩ তম এবং এশিয়ায় ২০৩ তম। গত বছর ৪৯ দশমিক ৫ স্কোর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বৈশ্বিকভাবে ৬০৪ তম এবং এশিয়ায় ১৭২ তম। ফলে এ বছর প্রতিষ্ঠানটির র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।

র‌্যাঙ্কিংয়ে দেশের তৃতীয় স্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ৩৮ দশমিক ১ স্কোর নিয়ে এর বৈশ্বিক অবস্থান ৯৭৫ তম এবং এশিয়ায় ৩৩০ তম।

এছাড়া, ৩৬ দশমিক ৬ স্কোর নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চতুর্থ (বৈশ্বিক অবস্থান ১০৬১ তম, এশিয়ায় ৩৬৬ তম), ৩৩ দশমিক ৫ স্কোর নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পঞ্চম (বৈশ্বিক অবস্থান ১২৩৮ তম, এশিয়ায় ৪৫১ তম), ৩২ দশমিক ৬ স্কোর নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ষষ্ঠ (বৈশ্বিক অবস্থান ১২৯০ তম, এশিয়ায় ৪৭৪ তম), ৩০ দশমিক ২ স্কোর নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সপ্তম (বৈশ্বিক অবস্থান ১৪২৯ তম, এশিয়ায় ৫৪৭ তম) এবং ২৪ স্কোর নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অষ্টম (বৈশ্বিক অবস্থান ১৮১৫ তম, এশিয়ায় ৭৫৮ তম) হয়েছে।

তালিকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নাম থাকলেও তাদের কোনো নির্দিষ্ট র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বব্যাপী অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সূচক হিসেবে বিবেচিত। এ বছরের তালিকায় বিশ্বের ১০৫টি দেশের ২ হাজার ২৫০টি শীর্ষ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ১৩টি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক সুনামও বিবেচনায় নেওয়া হয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় হলো হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ।