মাদক কারবারিদের উদ্দেশ্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব বলেছেন, “মাদক ব্যবসা ছাড়ুন অন্যথায় এলাকা ছাড়ুন।”
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়ায় মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদরাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু তালিব বলেন, “মাদকের প্রতিবাদ করায় একজন অবসরপ্রাপ্ত এএসপির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় কালীগঞ্জে মাদক ব্যবসা চলে এসেছে, যার বিরুদ্ধে ভয়ে অনেকেই কথা বলতে পারেননি।”
তিনি আরো বলেন, “এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলতে চাই, মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে।”
সংসদ সদস্য বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “মাদক ব্যবসায়ীদের সাথে বসে চা খাবেন, খোশ গল্প করবেন, ভালো আচরণ করবেন যত বড় কর্মকর্তাই হোন আপনার চাকরি থাকবে না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেনসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।