ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী প্রায় তিন দশক পর আবারও কুলির চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, ‘ব্ল্যাক’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাকে কুলির চরিত্রে দেখা যাবে। সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে।
ওমর সানী বলেন, “এটি ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার জনপ্রিয় সিনেমা ‘কুলি’র সেই চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি।”
‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নির্মাতার ভাষ্য, মাদকবিরোধী বার্তা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে ওমর সানী একজন প্রতিবাদী কুলির চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাইফুল ইসলাম এবং তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। নির্মাতাদের পরিকল্পনা, চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।