আন্তর্জাতিক

সুইজারল্যান্ডের উদ্দেশে যুক্তরাষ্ট্র ও ইরানের দূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার রাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

তবে শনিবার লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা ইরান যুদ্ধ শেষ করার জন্য গুরুত্বপূর্ণ একটি নতুন যুদ্ধবিরতিকে পরীক্ষার মুখে ফেলতে পারে। ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলা ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি পুনরায় চালু ও বৈশ্বিক তেল সরবরাহ স্থিতিশীল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেকসই চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় অন্যান্য জটিল বিষয় নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ৬০ দিনব্যাপী মার্কিন-ইরান আলোচনা শুরু করার একটি শর্ত হলো লেবাননে যুদ্ধবিরতি।

স্টিভ উইটকফ এবং আব্বাস আরাঘচির নেতৃত্বে অনুষ্ঠিত এই আলোচনাটি চলতি সপ্তাহের ১৪-দফা অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী আঞ্চলিক চুক্তিতে পরিণত করার একটি প্রচেষ্টা। উইটকফ সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যোগ দিতে, যিনি ইতিমধ্যেই সেখানে রয়েছেন। অন্যদিকে, আরাকচি শনিবার সেখানে যাবেন।

উইটকফের ভ্রমণ নিয়ে করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি হোয়াইট হাউস। ইরান আরাঘচির এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেনি।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, কারিগরি আলোচনার প্রস্তুতি বেশ এগিয়ে যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার সুইজারল্যান্ডের পার্বত্য রিসোর্ট বুয়েরগেনস্টকে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সহজতর করতে সুইজারল্যান্ড প্রস্তুত এবং প্রস্তুতিমূলক কাজ অব্যাহত রয়েছে।