যশোরে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিবাগত (১৯ জুন) রাত ২টায় যশোর-নড়াইল মহাসড়কের বিজিবির ১ নম্বর গেটের সামনে থেকে স্বর্ণের বার উদ্ধার ও তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন যশোরের খন্দকার মাহাবুবুল হক ও নড়াইলের মোঃ আনিস।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি বলেন,“ গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার পাই। যার আনুমানিক মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এ সময় মাহবুবুল ও আনিসকে আটক করা হয়। পরে স্বর্ণ বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।”
বিজিবি’র এই কর্মকর্তা বলেন, “আটককৃতরা প্রাথমিকভাবে আমাদের জানিয়েছে, তারা ঢাকার ধোলাইপাড় থেকে পাচারকারীদের থেকে স্বর্ণ সংগ্রহ করেছিল। তাদের পরিকল্পনা ছিলো স্বর্ণের বারগুলো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের।”
তিনি বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।”