সারা বাংলা

প্রতিশ্রুতি নয়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান তিস্তাপাড়ের মানুষ

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। 

শনিবার (২০ জুন) দুপুরে তিস্তার অববাহিকার ১৪টি স্থানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে রংপুর নগরীর কাচারীবাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসছে বিভিন্ন সরকার। ক্ষমতার পালাবদল হলেও প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে নদীভাঙন, বন্যা, খরা ও জীবিকা সংকটে থাকা তিস্তাপাড়ের লাখো মানুষ এখনও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে।

মানববন্ধনে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান অভিযোগ করেন, বছরের পর বছর ধরে তিস্তা অববাহিকার মানুষের উন্নয়নের কথা বলা হলেও তা কেবল নির্বাচনী প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি কৃষি, মৎস্য, যোগাযোগ ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তাই আশ্বাস নয় দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি করেন তিনি।

এ সময় সংসদ সদস্য আব্দুল করিম বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত উত্তরের দুই কোটি মানুষের জীবন জীবিকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তিস্তা নিয়ে স্থায়ী সমাধান করতে হবে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে আন্তরিক হওয়ার দাবি জানান তিনি।

বক্তারা অবিলম্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিস্তা মহাপরিকল্পনা অনুমোদন ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দের মাধ্যমে কাজ শুরুর দাবি জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে আর কোনো ধরনের গড়িমসি না করার আহ্বানও জানানো হয়।

মানববন্ধনে এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুনসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।