আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দরের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি

তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে কলকাতা বিমানবন্দরের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিমানে কলকাতা ফেরার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় এমন পরিস্থিতি।

অভিষেককে পচা ডিম ছোঁড়ার পরিকল্পনা নিয়ে বিমানবন্দরের গেটের বাইরে উপস্থিত হন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে,পাল্টা ভিড় জমান তৃণমূল সমর্থকরাও(কালীঘাট)। দুই পক্ষের মধ্যে এর পরেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ঝামেলা এড়াতে বিমানবন্দরের অন্য গেট দিয়ে বের করা হয় অভিষেককে।

এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের চেষ্টার পরিকল্পনা করেছিল ‘বিজেপির গুন্ডারা।’

বিজেপির তরফে অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

উল্লেখ্য, শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন তৃণমূল সংসদ সদস্য। শুক্রবার কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, ডেরেক ও ব্রায়েনকে সঙ্গে নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক।