২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে খেলার টিকিট নিশ্চিত করার পাশাপাশি ‘ডি’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মার্কিনরা। এরপর শুক্রবার সিয়াটলের লুমেন ফিল্ডে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখে তারা।
তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান পুলিসিচ কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও যুক্তরাষ্ট্র আধিপত্য ছিলো পুরো ম্যাচে। আর তাতে টানা দ্বিতীয় ম্যাচে কোনো গোল না খেয়ে জয় তুলে নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে মার্কিনীরা। পরে একই রাতে প্যারাগুয়ে তুরস্ককে ১-০ গোলে হারালে গ্রুপ ডি’তে শীর্ষস্থানও নিশ্চিত হয়ে যায় মরিসিও পচেত্তিনোর দলের।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় যুক্তরাষ্ট্রের শেষ ৩২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই, বুধবার। যুক্তরাষ্ট্র তাদের রাউন্ড অব ৩২ ম্যাচ খেলবে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায়। প্রতিপক্ষ হবে গ্রুপ বি/ই/এফ/আই/জে এর সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল।
এবারের বিশ্বকাপে ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি দল। গ্রুপ পর্বে সবাই সবার বিপক্ষে একবার করে খেলবে। জয়ের জন্য ৩ পয়েন্ট এবং ড্রয়ের জন্য ১ পয়েন্ট দেওয়া হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব ৩২-এ উঠবে। এছাড়া ১২ গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে সুযোগ পাবে। পয়েন্ট সমান হলে বিবেচনা করা হবে, সংশ্লিষ্ট দলগুলোর পারস্পরিক ম্যাচে অর্জিত পয়েন্ট, পারস্পরিক ম্যাচে গোল ব্যবধান, পারস্পরিক ম্যাচে করা গোলের সংখ্যা, সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান, সব ম্যাচ মিলিয়ে করা গোলের সংখ্যা, এবং হলুদ ও লাল কার্ডের ভিত্তিতে ফেয়ার প্লে স্কোর।