বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচ বারের সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ জুন) বাদ জোহর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজা পরিচালনা করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া। এর আগে বিএনপির বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা, পরিবারের সদস্যরা আলোচনা করেন।
জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল হক খোকন প্রমুখ অংশ নেন। জানাজা শেষে সর্বস্তরের জনগণ মরহুমের প্রতি ফুল দিয়ে শেষ বিদায় জানান।
গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারুন আল রশীদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার (১৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা ও বাদ আসর নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।