সারা বাংলা

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না।”

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠের পুল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল, যারা ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে, সংগ্রাম করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্ত বিএনপি লড়াই করেছে। বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।”

তিনি বলেন, “জনগণের সমর্থনে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং, বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরো জোরদার হবে, শক্তিশালী হবে। উভয় দেশের মর্যাদা রক্ষা করে, স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।”

এর আগে মন্ত্রী স্থানীয়দের উদ্দেশে এক বক্তব্যে বলেন, “বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই তিন মাস সময়ের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন, ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে। এছাড়া, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।” 

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থলে সেতু নির্মাণ করা হবে। 

এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

এর আগে মির্জা ফখরুল মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন— মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবিবা ও মমতাজ আলো, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রমুখ।

পরে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।