স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন শুরু করেছেন এবং সরকারের বয়স মাত্র সাড়ে তিন মাস হলেও এর প্রায় অর্ধেক বাস্তবায়িত হয়ে গেছে।”
শনিবার (২০ জুন) বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা (বালক-বালিকা)’ শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে প্রাথমিক স্তরের এই প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২২ লাখেরও বেশি। আর যারা খেলা উপভোগ করেছেন, তাদের সংখ্যা এর কয়েক গুণ বেশি হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী চেয়েছিলেন একটি সুস্থ জাতি গড়ে উঠুক, যারা ক্রীড়া, সংস্কৃতি এবং বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষায়ও পারদর্শী হবে। একই সঙ্গে দেশের শিক্ষার্থীরা যেন নিজেদের দুই হাতকে কর্মের হাতে পরিণত করতে পারে, সে লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “আপনি চেয়েছিলেন, নির্বাচনি ইশতেহারে আপনি সেটা প্রতিফলন করেছেন। এবং আমাদের ৩১ দফার তার প্রতিফলন আছে। সেটা বাস্তবায়নের জন্য আজকে মাত্র তিন মাস সাড়ে তিন মাস এই সরকারের বয়স হয়েছে। আপনি বাস্তবায়িত করে ফেলেছেন প্রায় অর্ধেক। এটা হচ্ছে তার নমুনা।”
তিনি বলেন, “জাতীয় ভিত্তিতে সন্তানদের শরীরচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করে তাদের সুস্থ মানসিকতা ও শারীরিক বিকাশ ঘটানোই সরকারের লক্ষ্য। এর মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন সম্ভব হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত কর্মসূচি প্রণয়ন করেছেন। সেখানে প্রতিটি শিক্ষার্থীকে তার পছন্দমতো একটি খেলাধুলায় অংশগ্রহণ, একটি কারিগরি ট্রেডে প্রশিক্ষণ এবং একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে একটি তৃতীয় ভাষা শেখার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি বলেন, “সবকিছুই আপনি প্রণয়ন করেছেন। নীতিমালায় এনেছেন, কার্যকর করেছেন, বাজেটে বরাদ্দ দিয়েছেন। অনুশীলন শুরু হয়েছে। এটাই জাতি দেখতে চায়।”