খেলাধুলা

না ফেরার দেশে ধারাভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টু

ক্রীড়া প্রতিবেদক : আমি মঞ্জুর হাসান মিন্টু আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারে...। বাংলাদেশের খেলা চলাকালিন বেতারে তার এমন ভরাট কণ্ঠ আর শোনা যাবে না। ভারাভাষ্য কেন্দ্রের সতীর্থ ধারাভাষ্যকাররা আর কখনো মঞ্জুর হাসান মিন্টুকে ধন্যবাদ জানিয়ে ধারাভাষ্য শুরু করার সুযোগ পাবেন না।

 

কারণ, বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যের প্রবাদ পুরুষ মঞ্জুর হাসান মিন্টু আর নেই। মঙ্গলবার ভারতের জয়পুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

কিছুদিন আগেও তাকে শেরেবাংলা ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দেখা গিয়েছে। অবশ্য বয়স হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবেন তেমনটি হয়তো কেউ ভাবেনি।

 

পারিবারিক সূত্রে জানা যায় মঞ্জুর হাসান মিন্টু মেরুদণ্ডের টিউমার অস্ত্রোপাচার জনিত সমস্যায় ভূগছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীকে নিয়ে ভারতে আজমির শরীফ জিয়ারত ও বেড়াতে যান। পথে জয়পুর পর্যন্ত যেতে পেরেছিলেন। সেখানে মঙ্গলবার হোটেলের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান। এরপর বমি করতে শুরু করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 

 

খ্যাতিমান এই ক্রীড়া ধারাভাষ্যকার খুলনার সাতক্ষীরাতে জন্মগ্রহণ করেন। তিনি ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্সের সাবেক ফুটবলার ছিলেন। পূর্ব পাকিস্তান জাতীয় দলের হয়ে ফুটবলও খেলতেন তিনি। ফুটবলের বাইরে তিনি ছিলেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লুজ এবং ১৯৭৮ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন। পেশাজীবনে তিনি সিএসপি অফিসার হিসেবে আয়কর কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ ক্রীড়াভাষ্যকার ফোরামের আজীবন সদস্য।

 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন পরিবার,  বাংলাদেশ ক্রীড়াভাষ্যকার ফোরাম, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রি হাসানুল হক ইনু, ক্রীড়া প্রতিমন্ত্রি শ্রী বীরেণ শিকদার, উপমন্ত্রি আরিফ খান জয় ও অন্যান্য ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৪/আমিনুল