অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। কেবল তাই নয়, বাগদানের খবরও চাউর হয়েছে। এবার জানা গেল, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই তারকা। চলতি বছরের নভেম্বর কিংবা অক্টোবরে মালাবদল করবেন এই যুগল।
বলিউডের নামি পরিচালক থেকে শুরু করে প্রযোজক, অভিনেতা—হুমা কুরেশির কথিত প্রেমিকের তালিকায় অনেকের নাম রয়েছে। শোনা যায়, ভারতীয় এক ক্রিকেটারের সঙ্গেও সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। সেই তালিকায় নাম ছিল বলিউডের এক খানেরও।
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অভিনয় ক্যারিয়ার শুরুর আগে মনোজ তানওয়ার নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন হুমা। চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন মনোজ। ২০০৭ সালে মনোজের সঙ্গে সম্পর্ক ছিল হুমার। কিন্তু সেই সম্পর্ক কোনো কারণে দীর্ঘস্থায়ী হয়নি। অভিনয়জগতে পা রাখার আগেই মনোজের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। পেশা হিসেবে অভিনয়কে বেছে নেওয়ার আগে আরো একটি সম্পর্কে জড়িয়ে ছিলেন হুমা। মনোজের সঙ্গে বিচ্ছেদের পর ইব্রাহিম আনসারি নামে এক তরুণের সঙ্গে ডেট শুরু করেন তিনি। দিল্লির ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম। ২০০৮ সালে হুমার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু অভিনেত্রীর সেই সম্পর্কও ভেঙে যায়।
অভিনয়জীবন শুরুর সময়ে বলিউড অভিনেতা আরজান বাজওয়ার সঙ্গে নাম জড়ায় হুমার। ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসেপুর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। সেই সময় থেকেই আরজানের সঙ্গে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেছে হুমাকে। মূলত, এরপরই খবর ছড়ায়—হুমা কুরেশি ও আরজান বাজওয়া ডেট করছেন। যদিও এ কথা কেউই স্বীকার করেননি। তাদের সম্পর্কের আয়ু খুব বেশি দিনের ছিল না। কয়েক মাসের মধ্যেই অভিনেতার সঙ্গে হুমার সম্পর্ক ভেঙে যায়।
আরজানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর ‘গ্যাংস অব ওয়াসেপুর’ সিনেমার পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে হুমার। বড়পর্দায় হুমাকে অভিনয়ের সুযোগ দেন অনুরাগ। পেশাগত কারণে পরিচালকের সঙ্গে পরিচয় হলেও পরে সেই বন্ধুত্ব আরো গাঢ় হতে শুরু করে। ২০১১ সালে অনুরাগ কাশ্যপ বিয়ে করেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিনকে। চার বছর সংসারের পর ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। গুঞ্জন শোনা যায়, হুমার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণেই কালকি-অনুরাগের দাম্পত্যে চিড় ধরে। পরে অবশ্য, হুমা-অনুরাগ দু’জনেই স্পষ্ট করে জানান, তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।
২০১৩ সালের মাঝামাঝি সময় শোনা যায়, বলিউড অভিনেতা শহিদ কাপুরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন হুমা। মুম্বাই, গোয়ার বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে। শহিদ-হুমা গোপনে ডেট করছেন। আর এ খবর বলিপাড়ায় ছড়িয়ে পড়ার পর শহিদ কাপুর জানান, হুমার সঙ্গে তার মাত্র দু’বার সাক্ষাৎ হয়েছে। সম্পর্কের খবর পুরোটাই রটনা।
২০১৪ সালে মুক্তি পায় ‘দেড় ইশকিয়া’ সিনেমা। এটি পরিচালনা করেন অভিষেক চৌবে। সিনেমাটির মুখ্যচরিত্রে অভিনয় করেন হুমা। গুঞ্জন রয়েছে, এই সিনেমার শুটিংয়ের সময়ে পরিচালক অভিষেকের সঙ্গে হুমার ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। এ-ও জানা যায়, ‘দেড় ইশকিয়া’ সিনেমায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতকে বাদ দিয়ে সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব হুমাকে দিয়েছিলেন অভিষেক। পরে পরিচালকের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে অভিনেত্রী জানিয়েছিলেন—এটি সম্পূর্ণ মিথ্যা।
২০১৬ সালে সালমান খানের পরিবারের মালিকানাধীন ক্রিকেট দল ‘মুম্বাই হিরোজ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন হুমা। তখন থেকে সোহেল খানের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর ছড়ায়। শোনা যায়, হুমার ক্যারিয়ারে সাহায্য করার পাশাপাশি তাকে দামি উপহারও দিতেন সোহেল। খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে হুমাকে নিয়মিত দেখা যেত।
হুমার সঙ্গে সোহেলের সম্পর্কের গুঞ্জন এতটাই জোরালো হয়েছিল যে, স্ত্রী সীমার সঙ্গে সোহেলের দূরত্ব তৈরির জন্য হুমাকে দায়ী করা হয়েছিল। হুমার সঙ্গে সোহেল খানের সম্পর্কের কারণে বাড়ি ছেড়েছিলেন সীমা। পরবর্তীতে হুমা ক্ষোভপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “সোহেল খান আমার বড় ভাইয়ের মতো। দয়া করে এই ধরনের নোংরা গুজব ছড়ানো বন্ধ করুন।” সীমা জানিয়েছিলেন—হুমা তাদের পারিবারিক বন্ধু।
বলিউড পরিচালক মুদাসসর আজিজের সঙ্গেও নাম জড়িয়েছিল হুমার। শোনা যায়, ২০১৯ সালে এ পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ান হুমা। বলিউডের বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গে দেখা যেত। তারা ৩ বছর সম্পর্কে ছিলেন। কিন্তু ব্যক্তিগত মতভেদের কারণে এ সম্পর্ক ভেঙে যায়।
২০২২ সালে মুক্তি পায় ‘ডাবল এক্সেল’ সিনেমা। এতে মুখ্যচরিত্রে অভিনয় করেন হুমা। সিনেমাটির একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। সেই সময় হুমা-শিখরের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তাদের সম্পর্ক নিয়ে জল্পনার সূচনা। যদিও পরবর্তীতে এই দুই তারকা জানান, তাদের মাঝে পেশাগত সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।