জ্যেষ্ঠ প্রতিবেদক : সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মাঝে মাঝে আত্মীয় স্বজন ও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। পুরোপুরি হুসজ্ঞান না থাকলেও আধো ঘুমে আধো জাগরণে চোখ মেলে তাকাচ্ছেন, তবে শঙ্কামুক্ত নন তিনি।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি এরশাদের বনানী অফিসে সাবেক এই রাষ্ট্রপতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
তিনি বলেন, গতকালের মতই আজও পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। চোখ মেলে তাকানো, সাড়া দেয়াকে সিএমএইচ-এর চিকিৎসকরা ইতিবাচক মনে করছেন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
লাইফ সাপোর্টে রাখা হয়েছে কিনা এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ওনাকে লাইফ সাপোর্ট নয় বরং অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। ফুসফুসে ইনফেকশনের কারণে সাবেক রাষ্ট্রপতির শ্বাসকষ্ট হচ্ছিল, তাই চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্টে রেখেছেন।
চিকিৎসকরা এখনো অনেকগুলো টেস্ট করিয়েছেন, সে অনুযায়ী চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও জানান এরশাদের ছোটভাই।
এরশাদের চিকিৎসা নিয়ে বিভ্রান্ত না হতে গণমাধ্যম কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা এ বিষয়ে আপনাদের জানাব। প্রয়োজন হলে আইএসপিআরও জানাতে পারে। তবে এ নিয়ে কোন বিভ্রান্তিকর তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব এমএম ইয়াসির, আমিনুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ইসাহাক ভূইয়া, আলহাজ্জ আবদুর রাজ্জাক, যুগ্ম দপ্তর সম্পাদক এম.এ. রাজ্জাক খান উপস্থিত ছিলেন।
মসিউর রহমান রাঙ্গা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মনগড়া পোস্ট দেয়া থেকে দলীয় নেতা-কর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/লাকী