বাংলাদেশে গুম-বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তেরর দাবি জানিয়েছে বিএনপি।
রোববার (৩০ আগস্ট) এক ভার্চুয়াল আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনায় তিনি বলেন, ‘আজকে প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, যার সংখ্যা লাখের ওপরে এবং মারা গেছেন ২৬‘শ ওপরে, আর ৬০৩ এর ওপরে মানুষ গুম হয়ে গেছে। এই সব তথ্য ডকুমেন্টেড যারা রিপোর্ট করেছেন তাদের, এছাড়া আনডকুমেন্টেড অনেক আছে। এটা সম্পূর্ণ তথ্য নয়, অনেক তথ্য আছে যেটা আমাদের কাছে নেই।’
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। এজন্য তাদের বাংলাদেশে ‘গুম’ ও বিচারবর্হিভৃত হত্যা ঘটনাবলীর তদন্তে একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা উচিত।’
২০০৯ সাল থেকে ‘গুম’ হওয়ার ঘটনাসমূহ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্দেশ্যে সংবাদ ব্রিফিং এবং এর খসড়া জাতীয় সংঘের কাছে পাঠানোর কথাও জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, এই ঘটনাগুলো সম্পর্কে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংবাদ সম্মেলন করে ব্রিফিং করেছি। আমাদের দলীয় প্রধান এ বিষয়ে এক খসড়া জাতিসংঘকে পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেওয়া হয়নি।
দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগের কথাও তুলে ধরে বলেন, ‘এদেশের মানুষ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা-সার্বভৌমত্বে প্রতীক হিসেবে দেখে। আমরা দৃঢ় বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াবে, তারা তাদের হারিয়ে যাওয়া স্বাধীনতাকে ফিরিয়ে আনবে, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।’
ভার্চুয়াল ওয়েবিনারে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবর্হিভূত হত্যা ও নিপীড়ন-নির্যাতন সম্বলিত মূল প্রবন্ধ পাঠ করেন।
দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান, ১৯৭৪ সালে গুম হওয়া ন্যাপ নেতা আবু বকর জাফর উদ-দৌলা দিপুর বোন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম, ২০১৭ সালে গুম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস, ২০১৩ সালে গুম হওয়া ঢাকার ৩৮ নম্বর ওয়ার্ডের নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম ও গুম হওয়া লাকসাম পৌরসভার সভাপতি পারভেজ কবির হীরুর স্ত্রী শাহনাজ আখতার বক্তব্য রাখেন।