বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া এবং নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা করবে জাতীয়তাবাদী সমমনা জোট।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এই কর্মসূচির কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে এবং জাতীয় প্রেসক্লাব ঘুরে কাকরাইলে গিয়ে পদযাত্রা শেষ হবে।
অপরদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও সংসদ বাতিল করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে একই দিন (১৮ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচির কথা ঘোষণা করেছে বিএনপি।
এছাড়াও একইদিন সব মহানগরে ১২ দলীয় জোটও পদযাত্রা কর্মসূচি পালন করবে বলে ঘোষণা করেছে।