বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিটিআরসিকে ভিন্নমত দমনে ব্যবহার করছেন ক্ষমতাসীন সরকার। পুলিশ বিএনপির কর্মসূচিতে আসা কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে। সরকারের নির্দেশে গোয়েন্দারা আমার মোবাইল নিয়ে গেছে। পরে সেটি ক্লোন করে ডিজিটাল নির্যাতন চালানো হচ্ছে বিএনপির ওপর।
রোববার (২৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির আন্দোলন-সমাবেশ দমাতে সরকারের নতুন হাতিয়ার ইন্টারনেট শাট ডাউন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা। বিএনপির কর্মসূচির দিনগুলোতে বার বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে সরকার।
বিএনপি মহাসচিব বলেন, ইসরাইল থেকে কেনা প্রযুক্তি এনে সরকার জনগণের ওপর নজরদারি করছে। বিএনপি কর্মীদের আইডি হ্যাক করে তাদের নামে সরকার বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দিচ্ছে বলেও জানান তিনি।