রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার দুপুরে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সবশেষ গত ৮ জুলাই ভোর সোয়া ৪টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসন বর্তমানে আগের চেয়ে ভালো আছেন বলে হাসপাতাল, চিকিৎসক এবং দলীয় একাধিক সূত্রে জানা গেছে। প্রতিদিন বিএনপিসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাকে দেখতে যাচ্ছেন। তিনি পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার ঘুম ও খাওয়া-দাওয়া স্বাভাবিক নিয়মে হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ইতিবাচক হওয়ার কারণ তিনি অনেকটা মানসিক স্বস্তিতে আছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার সঠিক মাত্রায় রয়েছে। তবে এখনও শারীরিক জটিলতা রয়েছে।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।