রাজনীতি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান করবে জামায়াত

দ‌লের সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গণঅবস্থান কর্মসূচি দি‌য়ে‌ছে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী।

আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌বে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দ‌লের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কর্মসূ‌চি ঘোষণা ক‌রেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

উক্ত গণঅবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটি এম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দ‌লের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তি‌নি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন। দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার এটি এম আজহারুল ইসলামও স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটি এম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। এতে  দেশবাসী হতবাক ও বিস্মিত।”