জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩ টায় সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জামেল সিদ্দিকী। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।
ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, রাজধানীর বিভিন্ন ইউনিটসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সমাবেশস্থলে আসেন সংগঠনের নেতাকর্মীরা। শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে।
সংগঠনের নেতাকর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে এসেছেন। ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতেও অনেককে দেখা গেছে। সমাবেশস্থলে ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।
ছাত্রদলের সমাবেশ শুরুর আগেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি হয়। বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন।