রাজনীতি

এবার এনসিপির মিডিয়া সেল সম্পাদক সালেহীনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এবার পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকালে তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি নিজে রাইজিংবিডি ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, “আমি আজ ১ জানুয়ারি ২০২৬, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। বিকালে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন থেকে আমার কাছে এনসিপি-সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না।”

সালেহীন বলেন, “পরবর্তীতে মিডিয়া সেলের দায়িত্ব কে নেবেন, তা দল ঘোষণা করবে। সে পর্যন্ত মিডিয়া-সংক্রান্ত যোগাযোগের জন্য মিডিয়া সেলের সহ-সম্পাদক জয়নাল আবেদীন শিশির এবং সদস্য মাহবুব আলম এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতদিনের সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

বৃহস্পতিবারই ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের ঘোষণা দেওয়ার আগে-পরে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একঝাঁক নেতা, যাদের বেশিরভাগই জাতীয় পর্যায়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। 

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের পদে না থাকা তরুণ নেতারা নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেন। অবশ্য জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট করার সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। তবে দলটির শীর্ষ নেতারা বলছেন, মূল স্রোত এখনো ঐক্যবদ্ধ আছে।