নারীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমানের একটি বিতর্কিত এক্স (সাবেক টুইটার) পোস্টের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “জামায়াতের আমির দাবি করেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হয়েছিল। কিন্তু অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয়, সেটিই রহস্যজনক।”
তিনি বলেন, “ওই পোস্টে নারীদের নিয়ে যে বক্তব্য প্রকাশ পেয়েছে, তা নারীদের প্রতি অবমাননাকর। আপনাদের আচরণ দেখেই বোঝা যায়, ভবিষ্যতে নারীদের প্রতি আপনারা কী ধরনের আচরণ করতে পারেন।ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না।”
এছাড়া আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, “নারীরা সংসদ সদস্য হতে পারবে, কিন্তু দলীয় প্রধান হতে পারবে না—এ ধরনের মন্তব্য স্পষ্টতই বৈষম্যমূলক। জামায়াতে ইসলামী গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি।”