দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ১৫ জনসহ দেশের বিভিন্ন জেলার মোট ২৬ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ঢাকায় বহিষ্কৃত নেতারা হলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী; তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সোলেমান, মোজাহিদুল ইসলাম ও মো. হুমায়ুন কবির; তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তলিকুল ইসলাম বাহারুল ও মো. হুমায়ুন কবির; ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. হানিফ; হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম; থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী অপু; ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকিং; শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ; থানা বিএনপির সদস্য সানাউল হক এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হক নুরু।
ঢাকার বাইরে ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য মো. সোলায়মান রিপন, মো. মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মো. নাজমুল হাসান রানা, মো. আবুল কালাম সরকার ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মনিরুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. সাদেকুল ইসলাম নান্নু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাদের হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রোকন মন্ডলকেও একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকেও বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির বিবৃতিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।