বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয়, তাহলে দেশের মানুষের হতাশার শেষ থাকবে না। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ নষ্ট না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের মূল বাহন হচ্ছে নির্বাচন এবং যেখানে নির্বাচন নেই, সেখানে গণতন্ত্রও নেই। জনগণের মত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশের সাংবাদিকরাই সবচেয়ে বেশি তথ্য জানেন এবং সত্য অনুসন্ধান তাদের অন্যতম দায়িত্ব। জাল ভোট দেওয়া যেমন অপরাধ, তেমনি কাউকে ভোট দিতে না দেওয়াও একই ধরনের অপরাধ। নির্বাচনকালীন যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল দেশের মানুষ এখনো পুরোপুরি পায়নি। দীর্ঘ সময় ধরে অনেক মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে বলেও তিনি দাবি করেন।
এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে একটি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের অধিকাংশ গণমাধ্যম বড় শিল্পপতি বা ব্যবসায়ীদের মালিকানায় থাকায় রাজনৈতিক প্রভাব থেকে যায়। এই পরিস্থিতির মধ্যেও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এবারের নির্বাচনের চ্যালেঞ্জ অনেক বেশি। দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসলাম জবিউল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, আরএফইডির সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।