রাজনীতি

৮ ফেব্রুয়ারি ঢাকার সমাবেশ বাতিল, নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সমাবেশ করার কথা ছিল বিএনপির। এই সমাবেশ বাতিল করেছে দলটি। এর পরিবর্তে, ওইদিন ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরে নির্বাচনি প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “বৃহস্পতিবার একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ৮ ফেব্রুয়ারির (রবিবার) কেন্দ্রীয় সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

রিজভী জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ওইদিন ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন। ফলে ঢাকা মহানগরীতে কেন্দ্রীয়ভাবে যে সমাবেশ করার পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী জানিয়েছিলেন, নির্বাচনকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি রাজধানীতে বিএনপির শেষ সমাবেশ অনুষ্ঠিত হবে।