রাজনীতি

নতুন নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্য উঠবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হতে যাচ্ছে। নতুন নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্য উঠবে।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম করছে। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।”

বিএনপির অতীত সংগ্রামের কথা স্মরণ করে মহাসচিব বলেন, “দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন।”

পাশাপাশি তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন ও ত্যাগের কথাও উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, “আজ বিএনপির জন্য একটি নতুন ইতিহাসের সূচনা হচ্ছে। নতুন ও তরুণ নেতৃত্ব হিসেবে তারেক রহমান জাতির সামনে দলের নির্বাচনি ইশতেহার উপস্থাপন করবেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বার্তা নিয়ে আসবেন।”

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।