ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকায় মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাহদী আমিন।
নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহদী আমিন বলেন, “লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দাবি অনুযায়ী, জামায়াতে ইসলামীর এক নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছিল। এ ঘটনায় হোয়াটসঅ্যাপের অর্ডার তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।” ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরো অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন এলাকায় ধর্মীয় অনুভূতি ব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা ও নিকাব প্রস্তুতের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে পর্যাপ্ত নারী পোলিং অফিসার নিয়োগ এবং মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মাহদী আমিন।
তিনি বলেন, “এর আগে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগও পাওয়া গেছে, যা জাল ভোটের আশঙ্কা তৈরি করছে। এছাড়া, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতির তথ্যও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।”
রাজধানীর সূত্রাপুরে এক নেতার বাড়ি থেকে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “এসব বিষয় নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা তৈরি করছে।”
পর্যবেক্ষক নিয়োগ নিয়েও অসঙ্গতি থাকার অভিযোগ তুলে মাহদী আমিন বলেন, “পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’ নামের একটি প্রতিষ্ঠান ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষকের মধ্যে ১০ হাজার ৫৫৯ জনের অনুমোদন পেয়েছে, যদিও প্রতিষ্ঠানটির বাস্তব কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, পর্যবেক্ষকের নামে কিছু প্রতিষ্ঠানের সঙ্গে নির্দিষ্ট রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকতে পারে।”
তিনি জানান, আগামীকাল ৮ ফেব্রুয়ারি, রবিবার তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনের জনসভায় যোগ দেবেন। ঢাকা-১৭ আসনে তিনি তার নিজ নির্বাচনি এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনি এলাকায় পল্লবী দুই নাম্বার ওয়ার্ড লাল মাটে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনি এলাকায় মিরপুর-১০ নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনি এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় যেটি মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনি এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনি এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য রাখবেন।
তিনি আরো জানান, আগামী পরশু ৯ ফেব্রুয়ারি, সোমবার তারেক রহমান তাঁর নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সহ মোট ৮টি নির্বাচনি জনসভায় যোগদান করবেন।
ঢাকা-১৭ আসনে তাঁর নিজের নির্বাচনি এলাকায় বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে বেলা ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনি এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনি এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনি এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনি এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনি এলাকায় ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনি এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনি জনসভায় যোগদান করবেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে আরো শক্ত অবস্থান নিতে হবে এবং ভোট গ্রহণ ও ব্যালট পরিবহনের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”