রাজনীতি

সূত্রাপুর থানার ওসি জামায়াত সমর্থিত দাবি করে তাকে প্রত্যাহার চান ইশরাক

পুরান ঢাকার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমায়াত সমর্থিত দাবি করে তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। 

শনিবার(৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আবেদন করেন।

আবেদনে তিনি অভিযোগ করেন, গত ৪ ফেব্রুয়ারি ৭৩ নম্বর ভোটকেন্দ্র কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের কর্মী-সমর্থকরা বিপুল পরিমাণ নকল ব্যালট সিল ও দেশীয় অস্ত্র মজুদ করেছে—এমন তথ্য স্থানীয়দের কাছ থেকে জানা যায়। বিষয়টি সূত্রাপুর থানার ওসিকে অবহিত করা হলেও তিনি সরেজমিনে গিয়ে অস্ত্র জব্দ না করে তা সরিয়ে ফেলতে সহযোগিতা করেন বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর স্কর্টিং ফোর্সকে জানানো হলে প্রায় চার ঘণ্টা পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়।

আবেদনে আরো বলা হয়, এ ঘটনায় সূত্রাপুর থানার ওসির আচরণ পক্ষপাতদুষ্ট ও জামায়াত-সমর্থিত বলে প্রতীয়মান হয়েছে। এতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সূত্রাপুর থানার ওসিকে দ্রুত প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন কেন্দ্রটি পরিবর্তন চেয়ে ইসিতে আরেকটি আবেদন করেন।