রাজনীতি

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি, যাতে বিদেশে যেতে জমি বিক্রি করতে না হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার বনানীতে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলা হলে তারা দেশে ও বিদেশে সম্মানজনক কাজের সুযোগ পাবে। এতে একদিকে যেমন তাদের কর্মসংস্থান হবে, অন্যদিকে দেশের বেকারত্ব কমবে।”

বিদেশগামীদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, “বিদেশে যাওয়ার আগে অনেক মানুষ তীব্র আর্থিক সংকটে পড়েন। অনেকেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে যেতে বাধ্য হন, যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

তিনি বলেন, “এই সংকট নিরসনে সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এতে বিদেশে যাওয়ার খরচ সহজে মেটানো যাবে এবং প্রবাসে আয় করে ধাপে ধাপে সেই ঋণ পরিশোধ করা সম্ভব হবে।”

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার ভাষণ সরাসরি সম্প্রচার করবে। তারেক রহমান বলেন, “ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি জানান, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন দেশের গণতন্ত্র রক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।” 

নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে তিনি জানান, ঢাকা-১৭ আসন তাঁর এবং তাঁর পরিবারের জন্য আবেগের জায়গা। তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এ এলাকায় কাটিয়েছেন।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি। এই কার্ডের মাধ্যমে দেশের মা ও গৃহিণীদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

কৃষিকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করলে প্রান্তিক ও মাঝারি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে সরকারি ভর্তুকি ও সুযোগ-সুবিধা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।