রাজনীতি

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবর্তন না হলে ইসি ঘেরাও: নাহিদ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত আজ সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেছেন, “নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোটকেন্দ্রের ৪০০ গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ইসি কোন জায়গা থেকে এই বিধি-বিধান বের করছে আমরা জানি না। কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন করুন, নাহলে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও হবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “আমরা এতদিন কিছু বলিনি। সব সহ্য করে গেছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হবে, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে, এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না।"

নাহিদ ইসলাম বলেন, “এতদিন যা করেছেন করেছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাস্টিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল তার চেয়েও এই নির্বাচন কমিশনের ভয়াবহ পরিণতি হবে।”