রাজনীতি

নির্বাচন নিয়ে উৎসাহ নেই: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায়, তা এবার রাস্তা-ঘাটে অনুভব করতে পারছি না।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, “আমাদের দল এই নির্বাচনে অংশ নেয়নি। তবে, যার কাছ থেকে রাজনীতি শিখেছি, আমার বড় ভাই লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইলের কালিহাটিতে দাঁড়িয়েছেন। আমরা তাকে সমর্থন করেছি এবং নির্বাচনি প্রচারে যা করা দরকার, তা চেষ্টা করেছি। কিন্তু, রাস্তা-ঘাটে মানুষের উৎসাহ খুবই কম। নির্বাচনে কোথাও জামায়াত এবং কোথাও বিএনপি খুবই শক্তি খাটাবার চেষ্টা করেছে।”

তিনি অভিযোগ করেন, টাঙ্গাইলে কিছু নির্বাচনি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রাতের আঁধারে মানুষের ঘর ভেঙে গ্রেপ্তার করছে। 

উদাহরণ তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, “আগেকার দিনে ডাকাতরা ঢেঁকি দিয়ে ঘর ভাঙত। ঠিক তেমনই এখন যেকোনো বাড়িতে ঢুকে দরজা ভাঙছে, মানুষকে গ্রেপ্তার করছে।”

তিনি জানান, নির্বাচন কমিশন তার অভিযোগ শুনেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

কাদের সিদ্দিকী বলেন, “আমাদেরকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা প্রক্রিয়া বের করতেই হবে। সেই প্রক্রিয়ায় নির্বাচনের বিকল্প কিছু নেই। এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়ে উঠছে না, এটা সত্য। কিন্তু, পরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা।”