ফেনীতে ভোটকেন্দ্র এলাকায় জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী-২ আসনের সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির দুই কর্মী বকু ও স্বপনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
আহত জামায়াতকর্মীর নাম রেজাউল করিম। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১১ দলীয় জোট প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর সমর্থক হিসেবে কেন্দ্র এলাকায় তিনি কাজ করছিলেন। পূর্বপরিকল্পিতভাবে বকু ও স্বপনের নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে রেজাউল করিমের ওপর হামলা চালায়।
ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিষয়টি অবগত নই। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ফেনী জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হান্নান বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি।
ফেনী-২ আসনের জামায়াত জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের এক কর্মীকে বিএনপির নেতাকর্মীরা পিটিয়ে আহত করেছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের গাফিলতি দেখা যাচ্ছে। অধিকাংশ কেন্দ্রে সেনাবাহিনীর টহল টিম নেই। আমরা রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ জানিয়েছি। ব্যবস্থা না নিলে প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।