রাজনীতি

ঢাকা-৬ আসনে ফল স্থগিতের আবেদন জামায়াতপ্রার্থী আব্দুল মান্নানের 

ঢাকা-৬ আসনের ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে ফলাফল স্থগিতের আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন। 

আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাপ্ত চূড়ান্ত ফলাফলের সঙ্গে গণনাপত্র ও প্রিজাইডিং কর্মকর্তাদের বিবরণীর মধ্যে অসঙ্গতি রয়েছে, যা ফলাফলের নির্ভুলতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে।

আবেদনকারীর অভিযোগ, কিছু ব্যালট বা প্রদত্ত ভোট চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি এবং ফলাফল ঘোষণার পূর্ববর্তী তথ্য ও ঘোষণার পর প্রকাশিত তথ্যের মধ্যেও পার্থক্য দেখা গেছে। এ ছাড়া অনেক কেন্দ্রে বাতিল ভোটের সংখ্যা শূন্য দেখানো হয়েছে, যা অস্বাভাবিক। প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের বিষয়টিও তিনি আবেদনে উল্লেখ করেছেন।

আব্দুল মান্নান আরও দাবি করেন, কিছু ক্ষেত্রে ফলাফল প্রদানে দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হয়েছে, যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষার জন্য ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত, পুনরায় গণনা এবং টেম্পারিং সংক্রান্ত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।