বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেছেন, “জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌনে ৪টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টার হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান।
বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন নিপীড়নের শিকার হয়েও আপনারা দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের দেশ গড়ার পালা।”
নির্বাচনের পরে দলীয় নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা ১২ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার এক দিন পর বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে বিদেশি সাংবাদিকদের উদ্দেশে ইংরেজিতে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর বাংলায় লিখিত বক্তব্য পাঠ করেন তারেক রহমান। পরে তিনি দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন।