রাজনীতি

বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হ‌চ্ছেন দ‌লের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও বিরোধীদলীয় চিফ হুইপ হ‌চ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোটের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ত‌বে এ বিষ‌য়ে ১১ দলীয় জোটের  ব্রিফিং ক‌রে আনুষ্ঠা‌নিকভা‌বে ঘোষণা দেওয়ার কথা র‌য়ে‌ছে।

ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) সাংবা‌দিক‌দের এসব তথ‌্য জানান।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

প‌রে জামায়াত, এন‌সি‌পিসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস‌্যদের নি‌য়ে সংসদ ভবনে সংসদীয় দ‌লের সভা হয়। এতে সভাপতিত্ব ক‌রেন দল‌টির আমির ডা. শফিকুর রহমান।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন এন‌সি‌পির আহ্বায়ক ও সংসদ সদস‌্য না‌হিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ ও জামায়াতের সি‌নিয়র না‌য়ে‌বে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ নির্বা‌চিত সংসদ সদস্যরা।