প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে জাইমা রহমান। এতে তিনি তার বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে জাইমা রহমান লেখেন, “ছোটবেলায় সবার মনেই বিশ্বাস জন্মে যে, তাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় বাবারাই হয়ে ওঠেন সন্তানের জীবনের প্রথম এবং সবচেয়ে বড় আদর্শ।”
তিনি লেখেন, “আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সেই একজন ব্যক্তি, যার ওপর আমি যেকোনো পরিস্থিতিতে নিশ্চিন্তে ভরসা করতে পারি।”
বাংলাদেশ ও জনগণের প্রতি তারেক রহমানের গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন জাইমা রহমান।
পোস্টের শেষাংশে জাইমা রহমান আশা প্রকাশ করে লেখেন, “আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।”
জাইমা রহমানের ফেসবুক পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টের সঙ্গে দুটি ছবি যুক্ত করেছেন জাইমা রহমান।