রাজনীতি

সরকার সামনের চাকা হলে বিরোধীদল পেছনের চাকা: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “সরকার যদি যানবাহনের সামনের চাকা হয়, বিরোধীদল হয় পেছনের চাকা। একটাকে বাদ দিয়ে গাড়ি চলতে পারে না।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর।

জামায়াত আমির বলেন, “আমরা সংসদে আমি-ডামি বিরোধীদল হতে চাই না। আমরা সরকারি দল ও বিরোধীদল মিলে রাষ্ট্রের উন্নয়নে কাজ করব।”

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ক্বারী বেলাল হোসাইনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।