ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
রবিবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর ফ্রন্টের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিক বলেন, “ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ও খামেনিকে নির্মমভাবে হত্যা অত্যন্ত ন্যক্কারজনক। পবিত্র রমজান মাসে এহেন হামলা কখনো মেনে নেওয়া যায় না। স্বীকৃত ফাসিবাদী দেশ ইসরায়েল-মার্কিনি যৌথভাবে এর আগেও হামলা করে অসংখ্য ইরানি নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে।”
“ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা বিশ্ব মুসলিমের জন্য বড় অশনিসংকেত। একে একে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো যেভাবে ধ্বংস করা হচ্ছে, তা অন্যান্য রাষ্ট্রের জন্য শিক্ষা বটে। তাছাড়া একাধিক স্কুলে হামলা করে অসংখ্য শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এ নিমর্ম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। এ ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা বড়ই রহস্যজনক।”
তিনি বলেন, “পাকিস্তান ও আফগানিস্থানে যুদ্ধ উভয় দেশের জন্য ক্ষতিকারক। এই যুদ্ধ থামানো দরকার। এই যুদ্ধ থামাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে জাতিসংঘ ও আরবলীগকে।”
সংগঠনের সভাপতি ম ম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম, প্রকাশনা সচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ মুসা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি আজাদ হোসাইন, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, ইঞ্জিনিয়ার আলম জালালী, আলামুল হুদা জুনায়েদ খান।
সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।