রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, তাঁর উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৪ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, বিএনপি সরকার গঠন করার দুই সপ্তাহ পূর্ণ হয়েছে। তিনি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একনেকের বিকল্প সভাপতির দায়িত্বও গ্রহণ করেছেন। নিজের ওপর আস্থা রাখায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকার পরিচালনার কাজ ও ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েক দিন ব্যস্ত সময় পার করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো লেখেন,  ঠাকুরগাঁওবাসী, দেশের ছাত্র-জনতা, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। অনলাইন ও অফলাইনে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক, নির্বাচন কমিশন এবং সরকারের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন, শান্তিপূর্ণভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য।

এলজিআরডি মন্ত্রী বিশেষভাবে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. ইউনূস এবং তাঁর উপদেষ্টাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “তারা নীতিতে অটল থেকে দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করেছেন।” একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানদের ভূমিকাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সবশেষে তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সামনের দিনগুলো চ্যালেঞ্জিং। ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে—আল্লাহর রহমত ও জনগণের অব্যাহত সমর্থন নিয়ে।” বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।