জাতীয় সংসদে ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা ও সংসদীয় কার্যক্রমকে আরো কার্যকর করতে সরকার ও বিরোধীদলের হুইপদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।
সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল ও অংশগ্রহণমূলক করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধীদলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আশা প্রকাশ করেন, বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠক সংসদের কার্যক্রমকে আরো প্রাণবন্ত করতে সহায়ক হবে।
বৈঠক শেষে উভয়পক্ষই সংসদের কার্যক্রমকে আরো সমন্বিত ও ফলপ্রসূ করতে ভবিষ্যতেও এমন সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।