রাজনীতি

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: মির্জা ফখরুল

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, “দেশকে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।”

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশের নেতৃত্ব এখন এমন এক ব্যক্তির হাতে রয়েছে যিনি জাতিকে নতুন করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন।”

তিনি আরো বলেন, “নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন এত দ্রুত শুরু হবে—এটা অনেকের কাছেই অভাবনীয় ছিল।” এতে সরকারের প্রতি মানুষের আস্থা আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।”

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য স্মরণ করে বলেন, তিনি সবসময় বলতেন—বাংলাদেশে কেউ নিজেকে সংখ্যালঘু ভাববেন না, কারণ এ দেশ সবার।

তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে অংশ নিয়েছিল। সেই চেতনা ধারণ করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”