রাজনীতি

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ডা. জুবাইদা রহমান।

রবিবার (২২ মার্চ) ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন জুবাইদা রহমান। পথে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত যাত্রাবিরতির শেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।

এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নিচ্ছেন। শিশুদের শিক্ষা ব্যবস্থায় নিরাপদ প্রযুক্তির ব্যবহার এবং তাদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তি কীভাবে শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রেখে উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী দেশগুলোর জন্য এসব প্রযুক্তি নামমাত্র মূল্যে অথবা বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের প্রেক্ষাপট বিবেচনায় উপযোগী প্রযুক্তি নির্বাচন ও বাস্তবায়নে নিজ নিজ সরকারের সঙ্গে সমন্বয় করবেন বলে আশা করা হচ্ছে। কর্মসূচি শেষেই দেশে ফেরার কথা রয়েছে জুবাইদা রহমানের।