রাজনীতি

৭১ অস্বীকার করা মানে আমাদের অস্তিত্ব অস্বীকার করা: শামীম পাটোয়ারী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ক‌রে‌ছে জিএম কা‌দেরের নেতৃত্বাধীন জাতীয় পা‌র্টি। 

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) সকা‌লে দল‌টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে জাপা নেতারা  জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ক‌রেন। 

এসময় জাপা মহাসচিব ব‌লেন, “৭১ কে অস্বীকার করা মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা।  রক্তে লেখা ইতিহাস, ত্যাগে গড়া স্বাধীনতা—২৬ মার্চ আমাদের গৌরব, আমাদের আত্মপরিচয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ এই দিনে আমরা স্মরণ করি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা। আমি আরো স্মরণ করি প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের আধুনিকায়নে যার অপরিসীম অবদান জাতির কাছে অক্ষয় হয়ে থাকবে।”

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “স্বাধীনতা কেবল একটি অর্জন নয়, এটি আমাদের দায়িত্ব—দেশকে ভালোবাসা, রক্ষা করা এবং উন্নতির পথে এগিয়ে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঞা, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, মো. হেলাল উদ্দিন, হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, সোহেল খান, দফতর সম্পাদক মাহমুদ আলম, মোড়ল জিয়াউর রহমান, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, কেন্দ্রীয় নেতা আল-আমিন সরকার, রমজান আলী ভূইয়া, জাতীয় মহিলা পার্টির জেসমিন নূর প্রিয়াংকা, আসমা আক্তার পুষ্পসহ আরো অনেকে।